জ্যামিতি শাস্ত্রের একটি সনাতন ধারণা ইউক্লিডিয়ান তল, যেখানে বলা হয় যেকোন একটি নির্দিষ্ট বিন্দুগামী পরস্পর সমান্তরাল রেখা কখনো অঙ্কন করা সম্ভব না। এই সনাতন ধারা প্রথম প্রশ্নবিদ্ধ হয় হাইপারবোলিক সারফেস বা বক্র পৃষ্ঠতলের ধারণা থেকে। এই বক্র পৃষ্ঠতলের ধারণা নিয়ে যেসকল গণিতবিদ কাজ করেছেন তার মধ্যে অন্যতম ইরানিয়ান গণিতবিদ মারিয়াম মির্জাখানি। এই বিখ্যাত গণিতবিদ মূলত বক্রতলের প্রতিসাম্য ব্যাখায় কাজ করেছিলেন। এছাড়া, ২০১৪ সালে গণিত শাস্ত্রের সবচেয়ে বড় পুরস্কার ফিল্ডস পদক লাভ করেন। তিনিই পৃথিবীর প্রথম নারী হিসেবে এই খেতাব অর্জন করেন।
তিনি ১৯৯৪ সালে হংকং-এ এবং ১৯৯৫ সালে কানাডাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াডে (আইএমও) স্বর্ণপদক লাভ করেন। এই ক্ষেত্রেও তিনি ছিলেন বিশ্বের প্রথম নারী। এছাড়াও তিনি ব্লু মেন্থাল এ্যাওয়ার্ড (২০০৯), স্যাটার প্রাইজ (২০১৩), ক্লে রিসার্চ এ্যাওয়ার্ড (২০১৪), আইপিএম ফেলোশিপ (১৯৯৫), হার্ভার্ড জুনিয়র ফেলোশিপ (২০০৩) সহ আরো বেশ কিছু সম্মাননা লাভ করেন। মির্জাখানি ১৯৭৭ সালের ৩রা মে ইরানের রাজধানী তেহরানে জন্মগহণ করেন। ইরানের শারিফ ইউনিভার্সিটি অফ টেকনলজি থেকে গণিতশাস্ত্রে বিএসসি ও পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে গনিতশাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি স্ট্যানফোর্ড ইউনিভারসিটিতে গণিতশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগদান করেন।
২০১৭ সালের ১৪ জুলাই মাত্র ৪০ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে এই মহীয়সী গণিতবিদের অকাল মৃত্যু হয়।

Comments
Post a Comment